প্রযুক্তির ছোঁয়া লাগছে পাবলিক লাইব্রেরিতে
রাজধানীর পাবলিক লাইব্রেরিতে প্রযুক্তির ছোঁয়া দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছে সেখানে একটি ডিজিটাল লাইব্রেরিও গড়ে তোলা হবে। পাশাপাশি থাকবে সাইবার ক্যাফে’র ব্যবস্থা।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এমন পরিকল্পনার কথাই প্রকাশ করলেন প্রধানমন্ত্রী।
লাইব্রেরিটি ইতোমধ্যে জরাজীর্ণ হয়ে গেছে উল্লেখ করে বক্তব্যে লাইব্রেরির অডিটোরিয়ামকে সংস্কার করে ডিজিটাল সুবিধা সংযোজনের কথাও তুলে ধরেন সরকার প্রধান।
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দলের সম্পাদকমণ্ডলীর এই সভা। এতে সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, শফিউল ইসলাম চৌধুরী নাদেল, বিপ্লব বড়ুয়া, অসীম কুমার উকিল, মৃণাল কান্তি দাস, হাবিবুর রহমান সিরাজ, সুজিত রায় নন্দী, সেলিম মাহমুদ, রোকেয়া সুলতানা, ওয়াসিকা আয়শা খান, শাম্মী আহমেদ, সায়েম খানসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতারা।